
মো.আরিফ, বান্দরবান: বান্দরবানে চাক সম্প্রদায়ের হেডম্যান, কারবারী, রোয়াজা ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাচিং প্রু জেরীর বাসভবনের প্রাঙ্গণে আয়োজিত এ সভায় চাক সম্প্রদায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান নেতারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, চাক সম্প্রদায়সহ পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিচ্ছেন, তাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা আরও বেগবান হবে।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সদর চাক সমাজ কমিটির সভাপতি বাহ্রুং মহসাহইং চাক। স্বাগত বক্তব্য রাখেন হাইসামারী কারাবারী ইনস্টিটিউটের সভাপতি ও যুবদল নেতা অহংজাই উচ চাক।
সভায় বক্তারা চাক সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৭৭ নং বাইশারী মৌজার হেডম্যান বাহ্ মহচানু চাক,২৭০ নং নাইক্ষ্যংছড়ি সদর মৌজার হেডম্যান বাহ্ বাচিচ চাক,২৭৮ নং প্রেক্সম্যারী মৌজার হেডম্যান বাহ্ ফাচিচ চাক,হিংসাইহচা চাক পাড়ার রোয়াজা বাহ্ মহহতিহাইংচা চাক,প্রেক্সম্যার চাক পাড়ার রোয়াজা বাহ্ ফক্করুং চাক,সাহেপচাক চাক পাড়ার কারবারী লহইংচাইহাচা চাক,নাইক্ষ্যংছড়ি বাইশারীর চাকাপাড়া কারবারী লশিং চাক,উন্নয়নকর্মী শৈইং চাক,চাক যুব পরিষদের সভাপতি লালনু চাক,চাক ছাত্র পরিষদের সভাপতি মহৎ চাক,বাইশারীর হেডম্যান চাক পাড়া হেডম্যান লায়োহাইটা চাকসহ চাক সম্প্রদায়ের আরও অনেকে।
বক্তারা জানান, চাক সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষা বিস্তার ও রাজনৈতিক অধিকারের বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।