কুখ্যাত সন্ত্রাসী শহীদ মন্ডলের গ্রেপ্তার দাবিতে গাছায় প্রতিবাদ সমাবেশ, থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি
সাবরিনা জাহান, গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকায় কথিত সন্ত্রাসী ও মাদক কারবারি শহীদ মন্ডলের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা।
শনিবার (১১ জুলাই) রাতে বাদে-কলমেশ্বর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করায় জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের মুখ্য সংগঠক শাকিবুল ইসলাম (শাকিল সরদার) ও তার সহযোগীদের ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলায় তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের মাথায় এবং একজনের পায়ে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে দাবি করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পূর্বের হামলার ঘটনায় দায়ের করা মামলায় এনসিপির নেতাকর্মীরা নিজেরাই দুইজন আসামিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে নিজ উদ্যোগে কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা।
জাতীয় যুবশক্তি গাজীপুর মহানগরের আহ্বায়ক তরিকুল ইসলাম তারেক বলেন, “মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শাকিল সরদারের ওপর বারবার হামলা হয়েছে। হামলার ঘটনায় মামলা হলেও অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তায় আমরা হতাশ। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে গাছাবাসীকে সঙ্গে নিয়ে গাছা থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।”
গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা ও মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মুহিত বলেন, “সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কথা বলায় যদি হামলার শিকার হতে হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে এনসিপি রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, একের পর এক হামলার ঘটনা ঘটলেও প্রত্যাশিত আইনগত ব্যবস্থা দৃশ্যমান নয়। তাই অবিলম্বে শহীদ মন্ডলসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় গাছা থানা ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সমাবেশ থেকে।