সরাইলে শাহজাদাপুর ইউনিয়নবাসীর উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ,
সরাইল অসীম চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে মাদকের আগ্রাসন রুখতে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার প্রত্যয়ে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) বিকেলে উপজেলার ০৯নং শাহজাদাপুর ইউনিয়ন এলাকায় এই সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয়।সরাইল থানা পুলিশ এবং শাহজাদাপুর ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে "মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সবল জীবন গড়ি" স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি বের করা
হয়। র্যালিটি শাহজাদাপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। র্যালিতে সরাইল থানা পুলিশের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।র্যালি শেষে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। শাহজাদাপুর ইউনিয়নকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হলে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি অভিভাবককে তাঁদের সন্তানদের প্রতি আরও যত্নশীল এবং সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।সমাবেশে উপস্থিত সরাইল থানার পুলিশ কর্মকর্তা মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করে বলেন, "মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক কারবারিদের চিহ্নিত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।"স্থানীয় সচেতন মহল পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনগুলোতেও মাদক নির্মূলে নিয়মিত এমন তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।