সরাইলে ২ কুটি টাকা ব্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ৫ বছর ধরে পরিত্যাক্ত
অসীম চন্দ্র দাস স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বীর মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে নির্মিত তিনতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি এখন অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নির্মাণের ৫ বছর পেরিয়ে গেলেও প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি কোনো কাজে আসছে না। দেখভালের অভাবে ভবনটির প্রধান ফটকে ঝুলছে তালা, আর ভেতর থেকে চুরি হয়ে গেছে জেনারেটর, সোলার প্যানেলসহ মূল্যবান সরকারি সরঞ্জাম। কমপ্লেক্স ভবনের ভেতরে ও চারপাশে আগাছা আর ময়লা-আবর্জনায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জানালা গুলোর কাঁচ ভাঙা।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৯ সালে ভবনটি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন হয়েছিল। সরকারি নকশা অনুযায়ী, ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ছয়টি বাণিজ্যিক দোকান এবং তৃতীয় তলায় বীর মুক্তিযোদ্ধাদের অফিস, লাইব্রেরি, কনফারেন্স রুম ও মিউজিয়াম রয়েছে। এসব দোকান ও কক্ষের ভাড়া থেকে অর্জিত আয় বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ তহবিলে জমা হওয়ার কথা।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনোয়ার হোসেন বলেন, ২০২২ সালে নির্মাণ কাজ শেষ হলেও কমপ্লেক্সটি আমাদের নিকট হস্তান্তর করা হয়নি। কমপ্লেক্সটিতে যত মালামাল ছিল সব চুরি হয়ে গেছে। ৫ আগস্টে ভাংচুর হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি সংস্কার করা সহ বিভিন্ন আসবাবপত্র ও ব্যবহারের উপযোগী করে দিলে আমাদের মুক্তিযোদ্ধাদ্ধাগণ সেখানে অফিস করতে পারবে। এসব করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট অনুরোধ করছি।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। দ্রুত পরিদর্শন করে থোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি প্রাণবন্ত করতে উদ্যোগ নেয়া হবে।