ঢাকাশুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইটি বিশ্ব
  3. আজকের রাশিফল
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. ইসলামী জীবন
  7. উদ্ভাবন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. চিত্র বিচিত্র
  13. জাতীয়
  14. জোকস
  15. টেলিকম
আজকের সর্বশেষ সবখবর

আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী।

admin
জুন ১৮, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

আশ্রমপাড়ার কাঠের সেতু মৃত্যুফাঁদে পরিণত, আতঙ্কে শিক্ষার্থী-গ্রামবাসী

মথি ত্রিপুরা, ভ্রাম্যমান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার ২ নং রুমা সদর ইউনিয়নের আশ্রমপাড়া এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে নির্মিত কাঠের সেতুটি বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুর বিভিন্ন অংশের কাঠ পচে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করছেন প্রায় ৫০ থেকে ৬০টি পাড়ার বাসিন্দা এবং কোমলমতি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, আশ্রমপাড়া মরা ঝিরির ওপর নির্মিত কাঠের সেতুটির বেশ কয়েকটি তক্তা পচে নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে বৃষ্টির কারণে সেতুর ওপরিভাগ অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় “আশ্রমপাড়া মরা ঝিরিতে কাঠের সেতু নির্মাণ ও সেতুর দুই পাশে আরসিসি সিঁড়ি নির্মাণ” প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ২ নং রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা। ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন ইউপি সদস্য মো. মঈন উদ্দীন এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ছিল ২ নং রুমা সদর ইউনিয়ন পরিষদ।

পাড়ার কয়েকজন বাসিন্দা জানান, কয়েকদিন আগে এক শিক্ষার্থী পাশের এলাকায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় সেতুর পচা তক্তায় পা পিছলে প্রায় ৩০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়। এরপরও সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি।

এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন এই সেতু দিয়ে স্কুলে ও বাজারে যাতায়াত করি। সেতুর কাঠগুলো পচে ঝরে পড়ছে। খুব ভয় লাগে। যেকোনো সময় ভেঙে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা দ্রুত সেতুটি মেরামতের দাবি জানাচ্ছি।

আশ্রমপাড়া কারবারি উবাসিং মারমা বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্ষাকালে কাঠগুলো আরও নরম হয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের জন্য এটি খুবই বিপজ্জনক। অতীতে একজন শিক্ষার্থী পড়ে আহত হয়েছে। দুর্ঘটনা ঘটার আগেই সেতুটি সংস্কার করা জরুরি।

স্থানীয়রা জানান, এই সেতু দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ বাজারের পণ্য, কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন করেন। ফলে সেতুটি এলাকার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে ২ নং রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা মুঠোফোনে বলেন, ইউনিয়ন পরিষদের অডিট কার্যক্রম সম্পন্ন না হওয়ায় বর্তমানে কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছে না। উন্নয়ন তহবিল থেকে কাজটি করার পরিকল্পনা ছিল, কিন্তু অডিট শেষ না হওয়ায় তা বাস্তবায়ন করা যাচ্ছে না। তবে জুন মাসের অর্থবছরের তোলট্যাক্স বরাদ্দ থেকে অর্থ পাওয়া গেলে আগামী জুলাই মাসের মধ্যে সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, দ্রুত সংস্কার না করা হলে সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন আশ্রমপাড়ার বাসিন্দারা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।