সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুরে মাদকবিরোধী সমাবেশ,
অসীম চন্দ্র দাস, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)।
মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের উদ্যোগে শাহবাজপুর ইউনিয়নে এক বিশাল ও বর্ণাঢ্য মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) শাহবাজপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই জনাকীর্ণ সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণের এক অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে।
সমাবেশটিতে সরাইল উপজেলা এবং শাহবাজপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও মাদকবিরোধী এই সামাজিক আন্দোলনে সংহতি প্রকাশ করে শাহবাজপুর গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ সভাস্থলে সমবেত হন।
অনুষ্ঠানে শাহবাজপুর ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের মূল ধারার নেতৃবৃন্দ মাদকের ভয়াবহ কুফল ও সামাজিক অবক্ষয় নিয়ে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, পুরো সমাজ ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। এলাকাকে মাদকমুক্ত করতে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” এসময় তাঁরা প্রশাসনের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে দল-কানা না হয়ে আপসহীনভাবে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।
সরাইল থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সমাবেশে উপস্থিত থেকে স্থানীয় জনগণের এই অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত সহযোগিতাকে সাধুবাদ জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এমন দৃঢ় নৈতিক সমর্থন থাকলে সরাইল উপজেলা থেকে যেকোনো মূল্যে মাদক ও অপরাধের শিকড় উপড়ে ফেলা সম্ভব। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শাহবাজপুর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও যুবসমাজ নিরলসভাবে সহযোগিতা করেন।