খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের সাথে বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রার্থী সাচিং প্রু জেরী’র মতবিনিময়
মো: হেলালুর রশিদ, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড় ক্রীড়া সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের সাথে বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সাচিং প্রু জেরির বাস ভবন হল রুমে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গণি, যগ্ন আহবায়ক মুজিবুর রশিদ, জাহাঙ্গীর আলম, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন, কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন, সেচ্ছাসেবক দলের সভাপতি আলীহায়দার বাবলুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাচিং প্রু জেরি বলেন, ক্রীড়া আমাদের জীবনের একটা অংশ। খেলাধুলা করলে মানুষের স্বাস্থ্য ভাল থাকে। ছোট বেলায় আমিও প্রচুর খেলাধুলা করতাম। খেলাধুলা করতে গিয়ে আমি বেশ কয়েকবার হাতে পায়ে আঘাত পেয়েছি।
বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির যে চিন্তা ভাবনা আছে তা আপনাদের সামনে তুলে ধরা হলো- ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা।
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা।
জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে ১২-১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
৬৪ জেলায় ইনডোর সুবিধাসম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ।
দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়া।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ দেয়া।
প্রত্যেকটি বিভাগীয় শহরে বিকেএসপি’র শাখা প্রতিষ্ঠা করা।
সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা করা।
দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ।
দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন করা।
ক্রীড়া শুধু শখ নয়, ক্রীড়া হবে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা।

