বান্দরবানে একটি ভবন হেলে পড়ায় এলাকাবাসী আতঙ্কিত।
বান্দরবান সংবাদদাতা : বান্দরবান শহরের মেম্বারপাড়া এলাকায় শ্যামলের দোকান সংলগ্ন একটি নির্মানাধীন তিনতলা ভবন হেলে পড়েছে একটি পাঁচ তলা ভবনে।
পাঁচ তলা ভবনের মালিক মেম্বার পাড়ার বাসিন্দা স্বপন কুমার দাশ, পিতা- কাশী চন্দ্র দাশ।
অভিযোগের প্রেক্ষিতে বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া সরেজমিনে তদন্ত করেন। হেলেপড়া ভবনটির মালিক দিলীপ পাল বান্দরবান পৌরসভার বিল্ডিং কোড অনুসরণ না করে ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন, যাহা বিধিসম্মত নহে এবং স্থানীয় সরকার সভা আইন ২০০৯, বিধি ৩০ নং ধারা মোতাবেক নির্মাণ পূণ: নির্মাণ আইনের পরিপন্থী। এ হিসাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। কিন্তু বাড়ির মালিক দিলীপ পাল সরকারি আইনকে তোয়াক্কা না করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
পার্শ্ববর্তী বাড়ির একজন ব্যক্তি বলেন বাড়িটি হেলে পড়ায় আশেপাশের বাসিন্দারা আতঙ্কে রয়েছে। এই ভবনটি যেকোন সময় হেলে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
পার্শ্ববর্তী বিল্ডিং এর মালিক স্বপন কুমার দাস বলেন, বিল্ডিংটি আমার বিল্ডিং এর উপর হেলে পড়েছে যার জন্য বর্তমানে আমার বিল্ডিংটি ঝুঁকিতে রয়েছে, আমি আমার পরিবার পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে দিন পার করছি। আমি প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।