মো. লোকমান হাকিম, বান্দরবান (রুমা): বান্দরবানের রুমায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ও মশাবাহিত রোগ দমন করতে রুমা উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় পঞ্চম দফায় এ কার্যক্রমে অংশ নেয় জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ব্র্যাক এবং সহযোগিতায় ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
অভিযানে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের সড়ক, কৈক্ষ্যংঝিরি এলাকা ও বটতলী পাড়ায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এতে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের উদ্যোগে এলাকাবাসী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সচেতন ও উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রুবেল বলেন,“পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে শুধু পরিবেশ সুন্দর হয় না, বরং ডেঙ্গু ওচিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগ থেকেও রক্ষা পাওয়া যায়। বিশেষ করে জমে থাকা পানিই এসব রোগের প্রধান উৎস, তাই সতর্ক থাকা জরুরি।” ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার লাব্রেচাই মার্মা বলেন,“ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। ব্র্যাক সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সচেতনতা তৈরির কাজ করছে।
এদিকে রেড ক্রিসেন্ট টিমের প্রতিনিধিরা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে গ্রামীণ ও শহুরে এলাকায় পরিবেশগত ঝুঁকি বাড়ছে। অপরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু নয়, আরও নানা রোগের কারণ হতে পারে। তাই শুধু সরকারি সংস্থা নয়, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগেও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।
সংশ্লিষ্টরা আরও বলেন, পরিবেশ দূষণ কমানো, অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ ও নর্দমা-খাল পরিষ্কার রাখা না হলে এ ধরনের উদ্যোগ টেকসই হবে না। তাই সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই পারে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সফল করতে।