নিজস্ব প্রতিবেদক: ঝমঁকালো কোন আয়োজন ছাড়াই বান্দরবানে দায়সারা ভাবে বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছে এবারে।
বান্দরবান পর্যটন নগরী হওয়া সত্বেও এমন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের কার্যালয়ের দক্ষিণ গেইট থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসনের উত্তর গেইট হয়ে একেই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের নামে একটি কর্মসূচি পালন করে জেলা প্রশাসন ও বিডি ক্লিন। কর্মসূচিতে মেঘলা পর্যটন কর্তৃপক্ষ নিজেরাই ময়লা আর্বজনা এনে বিভিন্ন স্থানে ফেলে পরে অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন অভিযান।
এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শামিম আরা রিনি, টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব,অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম,হোটেল রিসোর্ট অনার্স এসোসিয়েসনের সভাপতি সিরাজুল ইসলামসহ জেলা প্রশাসন,টুরিস্ট পুলিশ ও বিডি ক্লিনের সদস্যরা।
এদিকে ফাতেহা এ ইয়াজদোহম, দূর্গাপূজা ও প্রবারনা পূর্ণিমাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমুহ বন্ধ থাকায় বান্দরবানের পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভীড় লক্ষ্য করা গেছে।