নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ( প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে গরীব ও দুস্থ পরিবার,বৌদ্ধবিহার এবং বৌদ্ধ ধর্মাবলম্বী সংগঠনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর ) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর , নাফিউ সিদ্দিকী রোমান পিএসসি, জোনাল স্টাফ অফিসার, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা।
এ সময় প্রধান অতিথি বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। প্রবারণা পূর্ণিমা উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক। এই উদ্যোগ তারই একটি অংশ, এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ বছর সর্বমোট ২৭ জন ব্যক্তি, ০৮ টি বৌদ্ধ বিহার এবং ১০ টি সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে আগত সুবিধাভোগীদের মাঝে অনুদান হস্তান্তর করা হয় এবং সবাই উৎসবের আনন্দ ভাগ করে নেয়।