লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ সোহান ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সকালেই সোহান ও তাঁর বন্ধু মো. শাকিল বান্দরবানের ফাঁশিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় অবস্থিত ‘হোয়াইট পিক স্টেশন’ নামের একটি রিসোর্টে ওঠেন। দুপুরের দিকে রিসোর্টের পাশ দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে সোহান নদীর প্রবল স্রোতে ভেসে যান। এসময় শাকিল সাঁতার কেটে উপরে উঠতে পারলেও সোহান নিখোঁজ হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাকিল বলেন, আমরা দুজন একসাথে নদীতে নামি। হঠাৎ স্রোতের টানে সোহান ভেসে যেতে থাকেন। আমি তৎক্ষণাৎ উঠে এসে রিসোর্ট কর্তৃপক্ষকে জানাই।
রিসোর্টের পরিচালক মো. আজিম বলেন, “সকালবেলায় কোনো পূর্ব বুকিং ছাড়াই তাঁরা রিসোর্টে আসেন। এরপর ঘোরাঘুরি শেষে দুপুরে নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।”
ঘটনার পরপরই লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানানো হয়।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার মতো সম্ভাব্য স্থানে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল আনার প্রস্তুতি চলছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একযোগে কাজ করছে। ডুবুরি দল পৌঁছানোর পর উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।