আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়িতে আবারও বড় আকারের মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের ৪৪/১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে একটি ব্যাগে রাখা ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস বলেন,
“মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার রয়েছে। যতদিন সীমান্তে মাদক চোরাচালানের চেষ্টা চলবে, বিজিবির অভিযানও ততদিন অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তবর্তী এ উপজেলার বিভিন্ন সীমান্তপথ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান সত্ত্বেও ইয়াবা পাচারের ঘটনা রোধে এখনও কঠিন চ্যালেঞ্জ রয়ে গেছে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের সফল অভিযানকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।